ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবি;অন্তত ৩৫ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

উত্তর আফ্রিকার দেশ লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২৯ জন। শনিবার (১৬ এপ্রিল) এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।


সংস্থাটির দাবি, দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর সাবরাথার উপকূলে নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। নিরাপদ জীবনের জন্য বিভিন্ন সময় আফ্রিকা থেকে পালিয়ে ইউরোপগামীরা দীর্ঘদিন যাবত ভূমধ্যসাগরের এই ভয়ংকরতম রুটটি ব্যবহার করে আসছে।


শুক্রবার (১৫ এপ্রিল) নৌকাটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যদিও ঠিক কেন এবং কীভাবে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।


টুইট বার্তায় আইওএম-এর তরফ থেকে আরও জানানো হয়, চলতি সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকাডুবে অন্তত ৫৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন।


বিশ্লেষকদের মতে, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ বিভিন্ন সংকটের মধ্যে পড়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। কয়েক বছর যাবত সেই সংখ্যা বহু গুণে বৃদ্ধি পেয়েছে।


উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৭৬ জনের প্রাণহানি ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। সূত্র : আল-জাজিরা

ads
ads
ads

Our Facebook Page

↑